বিনোদন

এক ফ্রেমে দক্ষিণী সিনেমার তিন তারকা, যে কারণে সাক্ষাৎ

আপডেট: অক্টো ১৩, ২০২৬ : ০৫:০৯ এএম ৫ ০
এক ফ্রেমে দক্ষিণী সিনেমার তিন তারকা, যে কারণে সাক্ষাৎ

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তিন মুখ বিজয় দেবেরাকোন্ডা, থালাপতি বিজয় ও রাশমিকা মান্দানাকে একসঙ্গে দেখা গেছে একই ফ্রেমে। তাঁদের এই সাক্ষাৎ ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। আসন্ন সিনেমা রণবাগী মুক্তির আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে দেখা করেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।

সিনেমার প্রচারের পাশাপাশি প্রিয় তারকা ও অনুপ্রেরণাদায়ী নেতা থালাপতি বিজয়ের প্রতি শ্রদ্ধা জানানোও ছিল এই সাক্ষাতের অন্যতম উদ্দেশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাতের মুহূর্তগুলো ভাগ করে নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন বিজয় ও রাশমিকা।

রাশমিকা মান্দানা তাঁর পোস্টে জানান, দীর্ঘদিন ধরে তিনি থালাপতি বিজয়ের ভক্ত। তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া এবং তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করতে দেখা—সব মিলিয়ে তাঁর এই যাত্রা রাশমিকার কাছে অবিশ্বাস্য ও অনুপ্রেরণাদায়ী।

অন্যদিকে, বিজয় দেবেরাকোন্ডা জানান, ব্যস্ত দিনের শেষেও থালাপতি বিজয় তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। পাশাপাশি জীবন ও কাজ নিয়ে মূল্যবান অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন তিনি। বিজয় দেবেরাকোন্ডার ভাষ্য, এক সাক্ষাতেই থালাপতি বিজয় সবার মন জয় করে নিয়েছেন।

আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা পরিচালক রাহুল সাংকৃত্যায়নের রণবাগী সিনেমার। ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে আগে থেকেই আগ্রহ রয়েছে।

১৮৭৬ থেকে ১৮৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে নির্মিত হয়েছে পিরিয়ড অ্যাকশনধর্মী এই সিনেমা। এতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক সাধারণ মানুষের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। ছবিতে সিঙ্গারামালা ববিলি রণবাগী চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। তাঁর স্ত্রীর চরিত্র জয়াম্মায় দেখা যাবে রাশমিকা মান্দানাকে।

সিনেমার মুক্তির আগে দক্ষিণী সিনেমার এই তিন তারকার সাক্ষাৎ বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!