নতুন সিনেমার শুটিং কিংবা অভিনয়ের ব্যস্ততায় আপাতত দেখা নেই ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরীর। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিয়মিতই নিজের ফটোশুটের ছবি প্রকাশ করছেন, সঙ্গে দিচ্ছেন নানা ধরনের বার্তা। এবার একা হয়ে যাওয়াকে ভয় না পাওয়ার কথা জানিয়ে একটি বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে প্রায় এক ডজন ছবি পোস্ট করেন পূজা। ছবিগুলোতে নীল কুর্তি ও সাদা প্যান্টে দেখা গেছে তাঁকে। রাতের আলোয় কোনো ভবনের ছাদ বা বারান্দা থেকে তোলা ছবিগুলো ভক্তদের নজর কেড়েছে।
ছবিগুলোর সঙ্গে একটি অনুপ্রেরণামূলক বার্তাও জুড়ে দিয়েছেন পূজা। সেখানে তিনি লিখেছেন, ‘সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়ারা। যদি হঠাৎ দেখো, তোমার পরিচিত মানুষের সংখ্যা কমে যাচ্ছে, আর যেখানে একসময় হাসি-আড্ডা আর মানুষের ভিড় ছিল, সেখানে হঠাৎ এখন তুমি একা, তবে ভয় পেয়ো না। এর মানে, তুমি আর দশজনের ভিড় থেকে বেরিয়ে নিজের সাম্রাজ্যের পথে এগিয়ে যাচ্ছো।’
পূজার নতুন ছবিগুলো পছন্দ করেছেন তাঁর ভক্তরা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘আজ তোমাকে অনেক দারুণ লাগছে।’ আরেকজন ছবিগুলো ভাগ করে নেওয়ার জন্য অভিনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এক ভক্ত আবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজার কাছে নতুন ছবি প্রকাশের আবদার করেছেন।
নতুন সিনেমায় নেই খবর
পূজা চেরীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া মাসুদ রানা সিনেমায়। সৈকত নাসির পরিচালিত ছবিটির কাজ অবশ্য অনেক আগেই শেষ হয়েছিল।
গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর দেননি পূজা। এদিকে বিভিন্ন সময়ে তাঁর ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও বিয়ে নিয়ে নানা গুঞ্জনও আলোচনায় এসেছে। অভিনয়ের নতুন কোনো খবর না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ও বার্তার মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন অভিনেত্রী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!