বিনোদন

পরীমনির সুখের রহস্য কী?

আপডেট: অক্টো ১৫, ২০২৬ : ০৬:০৯ এএম ৫ ০
পরীমনির সুখের রহস্য কী?

তারকাদের জীবনে আলো, ক্যামেরা আর ব্যস্ততা—সবই থাকে। তবে দিন শেষে প্রশান্তি খুঁজে পান কোথায়? চিত্রনায়িকা পরীমনির সাম্প্রতিক ফেসবুক পোস্টে যেন মিলেছে সেই প্রশ্নের উত্তর। তাঁর সুখের বড় একটি অংশজুড়ে যে দুই সন্তান, তা ফুটে উঠেছে ছবিগুলোতে।

বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিতে কখনো তাঁকে দেখা গেছে কাশবনের পাশে দাঁড়িয়ে থাকতে, কখনো আবার বসে সময় কাটাতে। সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোতেও বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে এই অভিনেত্রীকে।

ছবিগুলোর সঙ্গে পরীমনি লিখেছেন, ‘মাই হ্যাপিনেস’ (আমার সুখ)। দুই সন্তানকে নিয়ে কাশবনে ঘুরতে গিয়েছিলেন তিনি। শরতের স্নিগ্ধ পরিবেশ আর সকালের রোদে সন্তানদের সঙ্গে কাটানো সময় যেন হয়ে উঠেছে তাঁর আনন্দের উৎস।

ছবিগুলোতে উঠে এসেছে জীবনের ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে নেওয়ার চিত্র। বিশেষ করে সন্তানদের সঙ্গে সময় কাটানো যে তাঁর কাছে বিশেষ আনন্দের, তা ক্যাপশনেও স্পষ্ট করেছেন পরীমনি।

ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন এই অভিনেত্রী। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাঁদের ঘরে আসে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্য। পরে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ছেলেকে বড় করে তোলার দায়িত্ব নেন পরীমনি।

কিছুদিন পর তাঁর পরিবারে আসে নতুন সদস্য—কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই পরীমনির সংসার।

অভিনয়ের ব্যস্ততার ফাঁকে সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাঁদের নিয়ে ঘুরতে যাওয়া কিংবা দৈনন্দিন জীবনের আনন্দঘন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেওয়া—এসবের মধ্য দিয়ে প্রায়ই সামনে আসে পরীমনির মাতৃত্বের দিকটি।

এবার কাশবনে সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভাগ করে নিয়ে যেন জানিয়ে দিলেন, জীবনের সব ব্যস্ততার বাইরে তাঁর সুখের ঠিকানা এই দুই সন্তানই।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!