বিনোদন

শুরু থেকেই সমালোচনার শিকার হচ্ছি: রাশমিকা

আপডেট: অক্টো ২২, ২০২৬ : ০৫:২১ এএম ২ ০
শুরু থেকেই সমালোচনার শিকার হচ্ছি: রাশমিকা

দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত কয়েক বছরে বক্স অফিসে বেশ কিছু সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবু অভিনয়, ভাষা ও উচ্চারণ নিয়ে সমালোচনা পিছু ছাড়ছে না তাঁর। এবার এসব সমালোচনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি পর্বে স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অতিথি হয়েছিলেন রাশমিকা। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, সমালোচনার বিষয়টি কীভাবে দেখেন তিনি।

জবাবে রাশমিকা বলেন, ‘সিনেমায় কাজ শুরু করার পর থেকেই কোনো না কোনো কারণে আমাকে সমালোচনা বা নিন্দার শিকার হতে হচ্ছে। কখনো আমার অভিনয়, কখনো ভাষা, কখনো উচ্চারণ নিয়ে কথা হয়েছে। কিন্তু আমি কখনোই নিজের জন্য কোনো সীমারেখা টানতে চাইনি। শুধু একটি ইন্ডাস্ট্রিতেই নয়, সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে চেয়েছি। শুধু একটি ভাষায় কথা বলতে চাইনি, সব ভাষায় কথা বলতে চেয়েছি।’

‘পুষ্পা’ ও ‘এনিম্যাল’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পাওয়া রাশমিকা আরও বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি বিভিন্ন ধরনের সিনেমায় কাজ করেছেন। এখন ‘এনিম্যাল’ ও ‘দ্য গার্লফ্রেন্ড’-এর মতো ভিন্নধর্মী সিনেমার অংশ হতে পেরে একজন অভিনেত্রী হিসেবে তৃপ্তি পান তিনি।

রাশমিকার ভাষায়, ‘আমি সব ধরনের চরিত্রেই অভিনয় করতে পারছি। দুটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের সিনেমা, অথচ আমি দুটিতেই অভিনয় করেছি। আমি ঠিক এটাই চেয়েছিলাম।’

অভিনয়ের পাশাপাশি হিন্দি উচ্চারণ নিয়েও প্রায়ই সমালোচনার মুখে পড়েন রাশমিকা। ‘থামা’, ‘ককটেল ২’ ও ‘সিকান্দার’ সিনেমায় তাঁর উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান রয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে।

এ বিষয়ে রাশমিকা বলেন, ‘এটা নিয়ে আমার তেমন কোনো সমস্যা নেই। মানুষ বলে, আমার উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান রয়েছে। আমি তো দক্ষিণ ভারতেরই মানুষ। আমার কথায় সেই টান থাকবে, এটাই স্বাভাবিক। এর উল্টোটা আশা করাই বরং অযৌক্তিক।’

গত ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে রাশমিকার নতুন সিনেমা ‘রানাবালি’। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। তবে মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!