‘দেসপাসিতো’—২০১৭ সালে প্রকাশের পর বিশ্বজুড়ে সাড়া ফেলা জনপ্রিয় গানটির দেশ পুয়ের্তো রিকো। সেই পুয়ের্তো রিকোতেই এখন অবস্থান করছেন বাংলাদেশের অভিনেত্রী ও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ বিজয়ী সামিরা খান মাহি। অংশ নিচ্ছেন ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে নীল রঙের ঝলমলে গাউনে নজর কেড়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মাহি। ছবিতে তাঁকে দেখা যায় নীল রঙের গ্লিটার ও সিকুইন কাজের গাউনে। পোশাকটিতে ছিল গভীর নেকলাইন, করসেট-ধাঁচের ফিটিং ও কাটআউট নকশা। সামনের হাই-স্লিট এবং লম্বা ঝালরযুক্ত ট্রেইল তাঁর সাজে যোগ করেছে রাজকীয় ও গ্ল্যামারাস আবহ।
ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে দ্বিতীয় দিন। সুন্দর কিছু মুহূর্ত, নতুন বন্ধুত্ব, কঠোর পরিশ্রম আর স্মরণীয় সব অভিজ্ঞতায় কাটছে আরও একটি দিন। প্রতিটি পদক্ষেপে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।’
প্রতিযোগিতার বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গেও সময় কাটাচ্ছেন মাহি। একটি ছবিতে তাঁকে ‘মিস ইউনিভার্স ইতালি’ ও ‘মিস ইউনিভার্স মিশর’-এর সঙ্গে দেখা গেছে। ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভকামনা জানিয়েছেন অনেকে। কেউ কেউ তাঁর সাজ ও উপস্থিতির প্রশংসাও করেছেন।
২০১৭ সালে ইউটিউবে প্রকাশিত ‘দেসপাসিতো’ গানটি গেয়েছিলেন পুয়ের্তো রিকোর সংগীতশিল্পী লুইস ফন্সি ও র্যাপার ড্যাডি ইয়াঙ্কি। গানটির মিউজিক ভিডিও ইউটিউবে এখন পর্যন্ত ৯ দশমিক ১ বিলিয়নের বেশি বার দেখা হয়েছে।
এদিকে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিভিন্ন পর্ব পেরিয়ে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!