বিনোদন

যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, স্বামী সিদ্ধার্থের মনোভাব জানালেন কিয়ারা

আপডেট: নভে ১৩, ২০২৬ : ০৫:৫৫ এএম ৭ ০
যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, স্বামী সিদ্ধার্থের মনোভাব জানালেন কিয়ারা

যশের বিপরীতে অভিনীত সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল। বিশেষ করে যশ ও কিয়ারা আদভানির রসায়ন এবং তাঁদের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে দর্শকদের আগ্রহ ছিল বেশ। তবে প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে সাফল্য পায়নি ছবিটি। এবার সিনেমাটির অভিজ্ঞতা এবং যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুলেছেন কিয়ারা।

করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে কিয়ারা জানান, যশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে স্বামী সিদ্ধার্থ মলহোত্রার বিশেষ কোনো সমস্যা নেই বলেই তাঁর ধারণা। অনুষ্ঠানে করণ জানতে চান, সিনেমার ওই দৃশ্যগুলো দেখে সিদ্ধার্থের প্রতিক্রিয়া কেমন ছিল।

জবাবে কিয়ারা স্বামীর নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়ার কথা জানাননি। বরং বলেন, সিদ্ধার্থকে তিনি ভালো করেই চেনেন। তাই এ ধরনের দৃশ্য নিয়ে তাঁর বিশেষ কোনো আপত্তি থাকার কথা নয় বলেই মনে করেন অভিনেত্রী।

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া ও সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেন কিয়ারা। এ প্রসঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের উদাহরণ টানেন তিনি। নিজের অভিনীত দৃশ্যগুলো নিয়ে ইন্টারনেটে দর্শকদের নানা মন্তব্য দেখেছেন কিয়ারা। তাঁর ভাষ্য, অনেকেই বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একই সঙ্গে এ ধরনের ঘটনায় সমাজের দ্বিচারিতাও তাঁর নজরে এসেছে। তাই নিজের অভিনয়ের পক্ষে আলাদা করে কোনো ব্যাখ্যা বা সাফাই দেওয়ার প্রয়োজন মনে করেননি তিনি।

‘টক্সিক’-এর বক্স অফিস ফলাফল নিয়েও কথা বলেন কিয়ারা। তাঁর মতে, সিনেমাটির এমন পরিণতি পুরো দলের কারও প্রত্যাশায় ছিল না। মুক্তির প্রথম সপ্তাহান্তের ফলাফল দেখে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে দর্শকদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া তাঁকে কিছুটা স্বস্তি দিয়েছে।

বিশেষ করে চেনা অভিনয়গণ্ডি পেরিয়ে ভিন্ন ধরনের চরিত্রে কাজ করার জন্য প্রশংসা পেয়েছেন বলে জানান অভিনেত্রী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!