বিনোদন

হলুদ গাউনে নজর কাড়লেন মাহি, ফ্রেমে চার দেশের সুন্দরী

আপডেট: নভে ১৪, ২০২৬ : ০৫:৫৮ এএম ১১ ০
হলুদ গাউনে নজর কাড়লেন মাহি, ফ্রেমে চার দেশের সুন্দরী

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসর বসেছে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয়। এ আয়োজনে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে নজরকাড়া সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে আলোচনায় রয়েছেন তিনি।

সম্প্রতি সমুদ্রপাড়ের মনোরম পরিবেশে হলুদ গাউনে ফটোশুটে অংশ নেন মাহি। ফুলহাতা ফ্লোর-টাচ গাউনটির কোমরের অংশে ছিল পাথরের কারুকাজ। পোশাকের সঙ্গে তাঁর গায়ে ছিল ‘বাংলাদেশ’ লেখা সাদা স্যাশ।

ফটোশুটের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মাহি। ছবিতে তাঁর সঙ্গে দেখা গেছে আরও চার দেশের প্রতিযোগীকে। তাঁরা হলেন মিসরের সোনিয়া জারজিস, হংকংয়ের জেন ঝৌ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ ও নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটোন।

ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে একটি চমৎকার শুটের ছোট্ট ঝলক! প্রতিটি মুহূর্ত, প্রতিটি ফ্রেম এবং প্রতিটি অভিজ্ঞতাই ভীষণ বিশেষ মনে হচ্ছে। এই সুন্দর যাত্রার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’

ভোটে বাংলাদেশের সমর্থন চাইলেন মাহি

মিস ইউনিভার্সের এবারের আসরে শুরু হয়েছে অফিশিয়াল ফ্যান ভোটিং। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান এগিয়ে নিতে দেশবাসীর কাছে ভোট ও সমর্থন চেয়েছেন মাহি।

এর আগে গত ৭ নভেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে তাঁর মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেন গত আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা।

এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হওয়ার কথা ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। সেই মঞ্চে মাহির অংশগ্রহণ ঘিরে বাংলাদেশের দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!