বিনোদন

বাড়িতে ম্যানিকুইনের রহস্যময় নড়াচড়া, আতঙ্কিত শ্রুতি হাসান

আপডেট: নভে ১৫, ২০২৬ : ০৬:১১ এএম ১২ ০
বাড়িতে ম্যানিকুইনের রহস্যময় নড়াচড়া, আতঙ্কিত শ্রুতি হাসান

বাড়িতে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন (প্লাস্টিকের মানবদেহ) নাকি নিজে থেকেই জায়গা বদলাত। এমন অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসান। মুম্বাইয়ের বাড়িতে ঘটে যাওয়া এ ঘটনায় আতঙ্কিত হয়ে শেষ পর্যন্ত ম্যানিকুইনটি সরিয়ে ফেলেন তিনি। পরে বাড়ির পরিবেশ শান্ত করতে ধর্মীয় আচারও পালন করেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের এই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান শ্রুতি। তাঁর ভাষ্য, কোনো কোনো জায়গার অস্বাভাবিক শক্তি বা পরিবেশ তিনি অনুভব করতে পারেন। চেন্নাইয়ের বাড়িতে এমন কিছু মনে না হলেও মুম্বাইয়ের বাড়িতে মাঝেমধ্যে অস্বাভাবিক কিছু অনুভব করতেন তিনি।

অভিনেত্রীর বাড়িতে মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন ছিল। সেটির নাম দিয়েছিলেন ‘ফিওনা’। আলমারিতে জায়গা না থাকায় একটি অতিরিক্ত পোশাক ম্যানিকুইনটির গায়ে পরিয়ে রেখেছিলেন তিনি। বন্ধুরা বাড়িতে এলে মজা করে ফিওনার সঙ্গে কথাও বলতেন।

তবে কিছুদিন পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে বলে দাবি শ্রুতির। তাঁর ভাষ্য, ম্যানিকুইনটি নিজে থেকেই জায়গা বদলাত। বিষয়টি ধীরে ধীরে তাঁর কাছে অস্বস্তিকর হয়ে ওঠে। একপর্যায়ে আর ঝুঁকি নিতে চাননি অভিনেত্রী। তাঁর কথায়, ‘ওটাকে খুলে ফেলি। একেবারে ফেলে দিই।’

ম্যানিকুইনটি সরিয়ে ফেলার পর বাড়ির পরিবেশ শান্ত করতে হনুমান চালিসা শুনতেন বলে জানান শ্রুতি। হাতে লবণ নিয়েও কিছু ধর্মীয় আচার পালন করেন তিনি। একপর্যায়ে পুরো বাড়িটি কার্যত বন্ধ করে দেন। অভিনেত্রীর দাবি, এরপর থেকে বাড়ির পরিবেশ শান্ত রয়েছে।

সাক্ষাৎকারে নিজের ধর্মবিশ্বাস নিয়েও কথা বলেন শ্রুতি হাসান। তাঁর ভাষ্য, পরিবারের সদস্যদের মধ্যে তিনিই একমাত্র ধর্মবিশ্বাসী। ছোটবেলায় এমন পরিবেশে বড় হয়েছেন, যেখানে ধর্মীয় আচার পালন বা ঈশ্বরের উপাসনার তেমন চল ছিল না। বাবা কমল হাসানসহ পরিবারের অন্য সদস্যদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে তাঁর নিজের বিশ্বাসের পার্থক্য রয়েছে বলেও জানান তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!