চলচ্চিত্রের ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। প্ল্যাটফর্মটির আহ্বায়ক হেলাল খানের নেতৃত্বে থাকতে অনিচ্ছা প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ ঘোষণা দেন জয় চৌধুরী। তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জয় চৌধুরীর অভিযোগ, হেলাল খান নিজেই শিল্পীদের গালিগালাজ করেছেন। এমনকি তাঁর সামনেই হেলাল খানের সহযোগী হিসেবে পরিচিত বহিরাগত ব্যক্তিরা শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এ ছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরে জয় চৌধুরী বলেন, ‘যে নেতা একজন শিল্পী হয়ে শিল্পীদের অসম্মান করে, যে নেতার কাছে কর্মীরা নিরাপদ না, সেই নেতার নেতৃত্বে থাকতে চাই না।’
সম্প্রতি এফডিসিতে একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ না নেওয়াকে কেন্দ্র করে হেলাল খান ও জয় চৌধুরীর মধ্যে বিরোধের সূত্রপাত হয়। রোববার বিকেলে আয়োজিত ওই কর্মসূচিতে জয় চৌধুরী ও শিল্পী সমিতির কয়েকজন সদস্যের অনুপস্থিতি নিয়ে ক্ষুব্ধ হন হেলাল খান।
পরে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলেও আক্রমণ করেন হেলাল খান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চলচ্চিত্র অঙ্গনে এ নিয়ে আলোচনা শুরু হয়।
চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্মটির আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব শিল্পী সমিতির সভাপতি শিবা শানু এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন জয় চৌধুরী। এবার সেই প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন এই চিত্রনায়ক।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!