বিনোদন

‘যাপিত জীবন’ নিয়ে আবেগাপ্লুত ভাবনা, চাইলেন দোয়া

আপডেট: নভে ১৮, ২০২৬ : ০৬:১৩ এএম ১৩ ০
‘যাপিত জীবন’ নিয়ে আবেগাপ্লুত ভাবনা, চাইলেন দোয়া

বাবার পরিচালনায় প্রথমবার অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তাই ‘যাপিত জীবন’ সিনেমাটি ঘিরে তাঁর আবেগটাও একটু বেশি। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমাটি। মুক্তির আগে নিজের ও পুরো দলের জন্য দর্শকদের কাছে দোয়া চেয়েছেন ভাবনা।

আজ ১৮ নভেম্বর রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় সিনেমাটির বিশেষ প্রিমিয়ার ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী।

ভাবনা লিখেছেন, ‘শুভ সকাল, আজকে আমার জন্য ভীষণ বিশেষ একটি দিন। আজ আমাদের সিনেমা ‘যাপিত জীবন’-এর প্রিমিয়ার ও স্পেশাল স্ক্রিনিং।’

সিনেমাটির সঙ্গে জড়িয়ে থাকা ভালোবাসা, আবেগ, পরিশ্রম ও স্বপ্নের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘অনেক ভালোবাসা, আবেগ, পরিশ্রম আর স্বপ্ন জড়িয়ে আছে এই সিনেমার সঙ্গে। দিনটি আমার জন্য একটু বেশি আবেগের, একটু বেশি আনন্দের। সবাই আমার এবং আমাদের পুরো টিমের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের পরিশ্রমকে সার্থক করেন এবং আমাদের সিনেমাটি সবার ভালোবাসা পায়। সবাইকে সঙ্গে চাই।’

দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপট

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘যাপিত জীবন’। দেশভাগ ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটে এগিয়েছে সিনেমার গল্প। এতে একটি পরিবারের জীবনসংগ্রাম, ভালোবাসা ও নানা সংকটের চিত্র তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে ভাবনার পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, ডলি জহুর, কাজী হায়াৎ, গাজী রাকায়েত ও আজাদ আবুল কালাম। এ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি হয়েছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী।

আগামী ২০ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘যাপিত জীবন’।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!