বিনোদন

নতুন সাজে পূর্ণিমা, ভক্তদের প্রশংসায় ভাসছেন

আপডেট: নভে ১৯, ২০২৬ : ০৫:৫১ এএম ১ ০
নতুন সাজে পূর্ণিমা, ভক্তদের প্রশংসায় ভাসছেন

দীর্ঘদিন ধরে অভিনয়ে নিয়মিত নন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। মাঝেমধ্যে দু-একটি কাজে দেখা গেলেও পর্দায় তাঁর উপস্থিতি এখন বেশ কম। তবে বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজে নিয়মিত দেখা যাচ্ছে তাঁকে। এসব কাজের সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব এই অভিনেত্রী।

নতুন নতুন সাজে ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন পূর্ণিমা। বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে গাঢ় গোলাপি রঙের পোশাকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন তিনি।

পোশাকটিতে সোনালি ও রুপালি সুতার সূক্ষ্ম কারুকাজ, ফুলেল নকশা ও পুঁতির কাজ ছিল। খোলা ঢেউখেলানো বাদামি চুল, পরিপাটি চোখের সাজ, হালকা ব্লাশ ও গোলাপি লিপস্টিকে স্নিগ্ধ লুকে ধরা দেন অভিনেত্রী। সঙ্গে ছিল ঝুলন্ত মুক্তার দুল ও আঙুলে আংটি।

এক ডজন ছবি প্রকাশ করে পূর্ণিমা ক্যাপশনে লিখেছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’

ছবিগুলো প্রকাশের পর ভক্তদের কাছ থেকে বেশ সাড়া পেয়েছেন তিনি। পোস্টটিতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে, মন্তব্য এসেছে ১ হাজার ১০০টিরও বেশি। মন্তব্যের ঘরে অনেকেই তাঁর সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘ছোট থেকে দেখতে দেখতে আমরাই বুড়ো হয়ে গেলাম, কিন্তু পূর্ণিমা আপু আরও সুন্দর হচ্ছেন।’ আরেকজন লিখেছেন, ‘পূর্ণিমা আমার ছোটবেলার ক্রাশ।’ কেউ আবার মন্তব্য করেছেন, ‘তিন পুরুষের নায়িকা, কোনো পরিবর্তন দেখি না।’

উল্লেখ্য, পূর্ণিমাকে সর্বশেষ প্রায় তিন বছর আগে কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ অভিনয় করতে দেখা গেছে। এরপর থেকে পর্দায় অভিনয়ে তাঁকে আর নিয়মিত দেখা যায়নি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!