বিশ্বের সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি। এ তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তালিকায় তাঁর অবস্থান ৯২তম। এতে ভারতের একমাত্র চলচ্চিত্র তারকা হিসেবে স্থান পেয়েছেন তিনি।
ভ্যারাইটি শাহরুখ খানের প্রতিনিধিত্বশীল কাজ হিসেবে উল্লেখ করেছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ সিনেমাটিকে। তালিকার শীর্ষে রয়েছেন হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো। দ্বিতীয় স্থানে হামফ্রে বোগার্ট, তৃতীয় স্থানে চার্লি চ্যাপলিন, চতুর্থ স্থানে জ্যাক নিকলসন এবং পঞ্চম স্থানে ক্যাথরিন হেপবার্ন। সেরা দশে আরও রয়েছেন সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, জাপানি চলচ্চিত্রের কিংবদন্তি তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ড।
শাহরুখের পরের অবস্থানে, অর্থাৎ ৯৩তম স্থানে রয়েছেন হোয়াকিন ফিনিক্স। তালিকায় নিকোলাস কেজ ৮৯তম, কেট উইন্সলেট ৮৪তম, এমা স্টোন ৯৪তম এবং জেনডায়া ৯৮তম স্থানে রয়েছেন।
আন্তর্জাতিক বিভিন্ন তালিকায় এর আগেও জায়গা পেয়েছেন শাহরুখ খান। ২০২২ সালে এম্পায়ার সাময়িকীর পাঠকদের ভোটে নির্বাচিত সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায় স্থান পান তিনি। সেখানেও একমাত্র ভারতীয় অভিনেতা ছিলেন শাহরুখ। ২০২৩ সালে টাইম সাময়িকী তাঁকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে।
আশির দশকের শেষ দিকে টেলিভিশনের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন শাহরুখ। পরে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে নায়ক হিসেবে অভিষেক হয় তাঁর। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ৯০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি বিশ্বজুড়ে সাংস্কৃতিক প্রভাবের কারণে তিনি ‘কিং খান’ ও ‘বলিউড বাদশাহ’ নামেও পরিচিত।
শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখের মেয়ে সুহানা খানেরও বড় পর্দায় অভিষেক হওয়ার কথা রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!