বিনোদন

মিস ইউনিভার্সের মঞ্চে শাড়িতে মাহি, মাতৃত্বের বার্তা দিলেন ‘ন্যাশনাল কস্টিউমে’

আপডেট: নভে ২২, ২০২৬ : ০৬:৩৩ এএম ১৩ ০
মিস ইউনিভার্সের মঞ্চে শাড়িতে মাহি, মাতৃত্বের বার্তা দিলেন ‘ন্যাশনাল কস্টিউমে’

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার ‘ন্যাশনাল কস্টিউম’ পর্বে দেশের ঐতিহ্যবাহী শাড়িতে হাজির হয়ে মাতৃত্বের বার্তা দিয়েছেন তিনি।

‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে সাজটি তৈরি করেছেন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাকটির ভাবনা তুলে ধরে তিনি লিখেছেন, ‘পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা মানুষকে আগলে রাখে, তার নাম মা। আর যে মাটিতে মানুষ বেড়ে ওঠে, শিকড় ও পরিচয় খুঁজে পায়, সেটি মাতৃভূমি। আমার প্রিয় বাংলাদেশ থেকে অনুপ্রাণিত এই কস্টিউম পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি।’

মাহির ভাষ্য, পোশাকটি মা ও সন্তানের চিরন্তন বন্ধনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। এতে ফুটিয়ে তোলা হয়েছে জন্মের বিস্ময়, মায়ের সীমাহীন মমতা, নীরব ত্যাগ এবং সন্তানকে আজীবন আগলে রাখার প্রতিশ্রুতি। তাঁর মতে, পোশাকটির প্রতিটি নকশা ও প্রতীক মাতৃত্বের এমন এক গল্প বহন করে, যা ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমানা ছাড়িয়ে মানুষের হৃদয় ছুঁতে পারে।

ন্যাশনাল কস্টিউমের ছবিতে মাহিকে দেখা গেছে সাদা-লাল রঙের শাড়িতে। শাড়ির সঙ্গে রয়েছে লাল রঙের অলংকরণ। পেছনে বৃত্তাকার নকশায় ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ভাস্কর্যধর্মী অবয়ব।

আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং তাঁর মাথায় পরিয়ে দেওয়া হবে মিস ইউনিভার্সের মুকুট।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!