মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাকে হাজির হয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। অন্য প্রতিযোগীদের বেশির ভাগকে বিকিনি বা দুই খণ্ডের সাঁতারের পোশাকে দেখা গেলেও মাহি বেছে নিয়েছেন পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাক। তাঁর এই ভিন্নধর্মী উপস্থাপনা প্রশংসা পাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সুইমস্যুট পর্ব মিস ইউনিভার্স প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এ পর্বে সাধারণত প্রতিযোগীরা সাঁতারের পোশাকে নিজেদের আত্মবিশ্বাস ও শারীরিক উপস্থাপনা তুলে ধরেন। তবে মাহি প্রচলিত ধারার বাইরে গিয়ে ফুলহাতা নীল পোশাকে মঞ্চে হাজির হন। পোশাকের সঙ্গে ছিল নীল রঙের লম্বা কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল।
স্থানীয় সময় রোববার রাতে এই পর্বের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মাহি। এক পোস্টে তিনি লেখেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন বলেও উল্লেখ করেন তিনি।
মাহির পোশাক ও উপস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেছেন, বিকিনি ছাড়াও বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’।
এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও ব্যতিক্রমীভাবে বাংলাদেশকে তুলে ধরেন সামিরা খান মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে উপস্থাপন করেন তিনি। পোশাকের মধ্য দিয়ে তুলে ধরেন মাতৃত্বের বার্তা।
৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। সেদিন বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং তাঁর মাথায় পরিয়ে দেওয়া হবে মিস ইউনিভার্সের মুকুট।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!