ভারতের দক্ষিণী চলচ্চিত্রের তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। সম্প্রতি স্বামী বিজয়ের সঙ্গে করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ হাজির হওয়ার পর তাঁদের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করেন নেটিজেনরা। এবার এসব সমালোচনা নিয়ে মুখ খুলেছেন রাশমিকা।
অনুষ্ঠানের অন্তিম সিজনের দ্বিতীয় পর্বে উপস্থিত হন এই তারকা দম্পতি। তাঁদের কথাবার্তা ও সম্পর্কের সমীকরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। নেটিজেনদের একাংশ মন্তব্য করেন, রাশমিকা বিজয়কে ভালোবাসলেও বিজয় নাকি নিজেকেই বেশি ভালোবাসেন। এমন মন্তব্যের পাশাপাশি নানা কটাক্ষের মুখেও পড়েন তাঁরা।
এসব সমালোচনার বিষয়ে রাশমিকা বলেন, ‘আগে আমি উত্তর দিতাম। কিন্তু একটা সময়ের পরে বুঝেছি, এর কোনো অর্থ নেই। অযথা সময় নষ্ট হয় মাত্র। হয়তো কখনো কখনো জবাব দিতে ইচ্ছা করে। কিন্তু নিজেকে থামিয়ে রাখি। কারণ, অনেক সময় চুপ থাকাই সবচেয়ে ভালো।’
তবে নিজের পরিবারকে নিয়ে নেতিবাচক মন্তব্য সহজে মেনে নিতে পারেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পরিবারকে নিয়ে কেউ কিছু বললে আমি একেবারেই মেনে নিতে পারি না। তখন আমি পুরো লড়াকু মেজাজে চলে যাই। আমার আসন্ন ছবি ‘মাইসা’র মতোই হয়ে উঠব।’
পরিবারের সদস্যদের নিয়ে কটাক্ষ করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন রাশমিকা। তাঁর ভাষ্য, ‘আমার পরিবার তো এই পেশা বেছে নেয়নি। তারা কেউ পরিচিত মানুষও নন। তাই তাদের নাম টেনে এনে ব্যক্তিত্ব নিয়ে কুৎসা করা কি ঠিক? এটা তো তাদের প্রাপ্য নয়।’
এদিকে রাশমিকার আসন্ন ছবি ‘মাইসা’ নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ছবিটির গান ‘ও মাইসা রে’ প্রকাশের পর সেখানে অভিনেত্রীর ভিন্নধর্মী সাজ ও উপস্থিতি আলোচনায় আসে। রক্তবর্ণের সাজে তাঁর লুকের প্রশংসা করেছেন দর্শকেরা। স্ত্রীর নতুন এই রূপের প্রশংসা করেছেন বিজয় দেবরকোন্ডাও। এখন ছবিটির মুক্তির অপেক্ষায় রয়েছেন রাশমিকার ভক্তরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!