কয়েক ঘণ্টা আগেই বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিলেও আবারও হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আবারও সামরিক বাহিনীর হাতে ফিরে গেছে এবং আগের মতোই পুরো প্রণালির ব্যবস্থাপনা তারা পরিচালনা করবে। এর ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।
এর আগে শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির পর হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার ঘোষণা দেয় তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী Seyed Abbas Araghchi সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যুদ্ধবিরতি চলাকালে প্রণালিটি উন্মুক্ত থাকবে, তবে নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে নির্ধারিত রুট অনুসরণ করতে হবে।
তবে ওই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump জানান, ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ সমঝোতা না হওয়া পর্যন্ত দেশটির ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে।
এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার Mohammad Bagher Ghalibaf সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখে, তাহলে হরমুজ প্রণালি দীর্ঘদিন উন্মুক্ত রাখা হবে না।
তার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের প্রতিরক্ষা বাহিনী প্রণালিতে পুনরায় অবরোধ জারি করে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে এ ধরনের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!