জাপানের উত্তর উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা।
সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জাপান–এর উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকায় সংঘটিত এই কম্পনের উৎপত্তিস্থল ছিল সমুদ্রের তলদেশে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
জাপানি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের পর অল্প সময়ের মধ্যে ৩ মিটার বা তার বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কম্পনটি এতটাই শক্তিশালী ছিল যে কয়েকশ কিলোমিটার দূরে রাজধানী টোকিওতেও তা অনুভূত হয়। ভূমিকম্পের পর ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র–এ কোনো অস্বাভাবিকতা দেখা দিয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
সুনামির সতর্কতা জারি করা হয়েছে উত্তরাঞ্চলের বিস্তৃত এলাকাজুড়ে। বিশেষ করে হোকাইদো এবং ইওয়াতে–এর কিছু অঞ্চলকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৯ বলা হলেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ৪ নির্ধারণ করা হয়।
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য সুনামি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!