আন্তর্জাতিক

সোশ্যাল মিডিয়া স্ক্যামে কোটি কোটি ডলার ক্ষতি, সতর্ক থাকার পরামর্শ

আপডেট: এপ্রি ২৮, ২০২৬ : ০৫:৪৯ এএম
সোশ্যাল মিডিয়া স্ক্যামে কোটি কোটি ডলার ক্ষতি, সতর্ক থাকার পরামর্শ

সামাজিক মাধ্যমভিত্তিক প্রতারণায় ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ভোক্তারা প্রায় ২ দশমিক ১ বিলিয়ন (প্রায় ১ বিলিয়নের বেশি) ডলার হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।

সাম্প্রতিক এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, অন্যান্য প্রতারণার মাধ্যমের তুলনায় সামাজিক মাধ্যম থেকেই সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে। ভুক্তভোগীদের প্রায় ৩০ শতাংশ জানিয়েছেন, প্রতারণার সূচনা হয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতির ঘটনা ঘটেছে ফেসবুক থেকে শুরু হওয়া প্রতারণায়। এরপর রয়েছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।

এফটিসি জানায়, সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি প্রতারণা হচ্ছে অনলাইন শপিং ও বিনিয়োগ খাতে। ভুক্তভোগীদের বড় একটি অংশ ভুয়া বিজ্ঞাপন দেখে পণ্য কিনে প্রতারণার শিকার হয়েছেন। এসবের মধ্যে পোশাক, প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ এমনকি পোষা প্রাণীও রয়েছে।

অন্যদিকে, বিনিয়োগ প্রতারণায় ২০২৫ সালে একাই প্রায় ১ দশমিক ১ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এসব ক্ষেত্রে প্রতারকেরা সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সহজে লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখায় এবং পরে ভুয়া পরামর্শদাতা বা গ্রুপের মাধ্যমে বিশ্বাস অর্জনের চেষ্টা করে।

প্রতিবেদনে আরও বলা হয়, রোমান্স বা প্রেমের সম্পর্কভিত্তিক প্রতারণাও বাড়ছে। এসব ক্ষেত্রে প্রথমে সামাজিক মাধ্যমে যোগাযোগ তৈরি করে পরে জরুরি পরিস্থিতির অজুহাতে অর্থ দাবি করা হয় বা ভুয়া বিনিয়োগে টাকা পাঠাতে প্রলুব্ধ করা হয়।

এফটিসি ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছে, সামাজিক মাধ্যমে ব্যক্তিগত তথ্য সীমিতভাবে শেয়ার করা উচিত এবং অনলাইনে পরিচিত কারও পরামর্শে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। কোনো পণ্য বা সেবা কেনার আগে প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে যাচাই করার পরামর্শও দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, সামাজিক মাধ্যমের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার প্রতারকদের জন্য নতুন সুযোগ তৈরি করছে। ফলে প্রযুক্তি প্ল্যাটফর্মের নিরাপত্তা জোরদার এবং ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!