আন্তর্জাতিক

দিল্লির বহুতল ভবনে আগুন, নিহত ৯

আপডেট: মে ০৩, ২০২৬ : ০৫:২৬ এএম
দিল্লির বহুতল ভবনে আগুন, নিহত ৯

ভারতের রাজধানী দিল্লির ভিবেক বিহার এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার ভোরে চারতলা ওই ভবনে আগুন লাগার পর কয়েক ঘণ্টার উদ্ধার অভিযানে হতাহতের এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভোর প্রায় চারটার দিকে ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

পূর্ব দিল্লির গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা ভিবেক বিহারে অবস্থিত ভবনটি থেকে এক ডজনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আহতদের গুরু ত্যাগ বাহাদুর হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা রাজেন্দ্র প্রসাদ মীনা এক বিবৃতিতে বলেন, “আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”

পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভবনটির বড় অংশ আগুনে পুড়ে গেছে এবং ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।

তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় এক বাসিন্দা বার্তাসংস্থা এএনআইকে জানিয়েছেন, একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!