যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটাতে নতুন ১৪ দফা প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাব অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে সব অমীমাংসিত ইস্যুর সমাধান চায় তেহরান।
রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। ইরানের দাবি, এটি কোনো সাময়িক যুদ্ধবিরতির উদ্যোগ নয়, বরং দীর্ঘমেয়াদে যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যেই দেওয়া হয়েছে।
ইরানের নিরাপত্তা সংস্থার ঘনিষ্ঠ আধা-সরকারি বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৯ দফা পরিকল্পনার জবাবে এই ১৪ দফা প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং আঞ্চলিক সামরিক উত্তেজনা কমানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে লেবাননসহ বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরান পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
এছাড়া দুই পক্ষের মধ্যে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কাঠামো গঠনের কথাও বলা হয়েছে, যেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করলেও কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
সূত্র: আল জাজিরা
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!