ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভবানীপুর আসনে পরাজিত হয়েছেন। বিজেপি প্রার্থী ও রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী তাঁর বিরুদ্ধে জয় পেয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানিয়েছে, প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে মমতা ব্যানার্জিকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনেও শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা। পরে ভবানীপুর উপনির্বাচনে জয় পেয়ে তিনি বিধায়ক হন এবং টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন।
তবে এবারের নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস বড় ধাক্কার মুখে পড়েছে। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ভোট গণনায় বিজেপি স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। একটি আসনে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত হওয়ায় সেখানে ভোট গণনা হয়নি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ২০০টির বেশি আসনে এগিয়ে আছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৮০টির কিছু বেশি আসনে। ফলে রাজ্যে সরকার গঠনের পথে অনেকটাই এগিয়ে গেছে বিজেপি।
ভবানীপুর আসনে ২০ দফা গণনার মধ্যে ১৯ দফা শেষে মমতা ব্যানার্জি কয়েক হাজার ভোটে পিছিয়ে ছিলেন। শেষ দফার গণনায় ব্যবধান আরও বেড়ে যায়।
ফল ঘোষণার পর বিজেপির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন মমতা ব্যানার্জি। তিনি দাবি করেন, একশর বেশি আসনে ‘ভোট লুট’ হয়েছে। একই সঙ্গে নির্বাচন চলাকালে সহিংসতা ও ভয়ভীতির অভিযোগও করেন তিনি।
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ফল ঘোষণার আগে একটি গণনা কেন্দ্র পরিদর্শন করেন মমতা ব্যানার্জি। পরে সেখান থেকে তিনি কালিঘাটের বাসভবনে ফিরে যান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!