চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৬০ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বিস্ফোরণটি ঘটে সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে হুনানের লিউইয়াং শহরে অবস্থিত Huasheng Fireworks Manufacturing and Display Company-এর একটি ওয়ার্কশপে। লিউইয়াং শহরটি চীনের আতশবাজি শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের অধিকাংশই ঘটনাস্থলেই প্রাণ হারান। বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিসের প্রায় ৫০০ সদস্য উদ্ধার অভিযান শুরু করেন।
নিরাপত্তাজনিত কারণে কারখানার আশপাশের তিন কিলোমিটার এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ওই এলাকায় আতশবাজি তৈরির কাঁচামাল ও বারুদ সংরক্ষণের গুদাম থাকার কারণেই সতর্কতামূলক এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের বাড়িঘরের দরজা-জানালা কেঁপে ওঠে।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, আতশবাজি উৎপাদনে চীন বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। আন্তর্জাতিক বাজারের বড় অংশই দেশটি থেকে সরবরাহ হয়ে থাকে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!