আন্তর্জাতিক

‘বিজেপির জয় অনৈতিক’ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আপডেট: মে ০৫, ২০২৬ : ০৬:৫৪ এএম
‘বিজেপির জয় অনৈতিক’ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ফলাফল ঘোষণার পর বিজেপির বড় ধরনের জয় এবং তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের খবরের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি দাবি করেছেন, নির্বাচনের ফলাফল “অনৈতিক ও পক্ষপাতদুষ্ট” হয়েছে এবং এতে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে বিজেপি বিপুল সংখ্যক আসনে জয়ী হয়েছে বলে দাবি করা হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ প্রার্থী পরাজিত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজ কেন্দ্র ভবানীপুরেও পরাজয়ের খবর আসে, যেখানে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হেরেছেন বলে জানানো হয়।

ফলাফল চলাকালে কলকাতার একটি গণনাকেন্দ্রে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি গণনাকেন্দ্র থেকে বেরিয়ে অভিযোগ করেন, তাকে ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া একপাক্ষিকভাবে পরিচালিত হয়েছে।

তিনি আরও বলেন, “এটা কোনো নৈতিক জয় নয়, এটা অনৈতিক জয়। পুরো নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে বলে আমরা মনে করি।”

এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন যে, বিভিন্ন অনিয়মের বিষয়ে জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।

পরিস্থিতি নিয়ে দলের মধ্যে অসন্তোষ ও হতাশা তৈরি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ অবস্থায় আগামী দিনের রাজনৈতিক কৌশল নির্ধারণে কলকাতায় দলের শীর্ষ পর্যায়ের বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!