আন্তর্জাতিক

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প

আপডেট: মে ০৬, ২০২৬ : ০৫:৪৪ এএম
হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর নিরাপত্তায় পারাপারে সহায়তা দিতে ঘোষিত ‘প্রোজেক্ট ফ্রিডম’ আপাতত স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, প্রকল্পটি “স্বল্প সময়ের জন্য” স্থগিত রাখা হয়েছে, যাতে সংশ্লিষ্ট পক্ষগুলো সম্ভাব্য একটি চুক্তি চূড়ান্ত করার সুযোগ পায়। তিনি দাবি করেন, চলমান অবরোধের মধ্যেও একটি সমঝোতা স্বাক্ষরের সম্ভাবনা খতিয়ে দেখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাম্প আরও জানান, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, প্রকল্প স্থগিত থাকলেও ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ বহাল থাকবে।

এ ঘোষণার পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বিষয়টিকে তাদের জন্য “কূটনৈতিক সাফল্য” হিসেবে তুলে ধরেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন তাদের পক্ষের একটি অগ্রগতি নির্দেশ করে।

উল্লেখ্য, আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। দৈনিক বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের বড় একটি অংশ এই প্রণালি দিয়ে হয়ে থাকে। চলমান উত্তেজনার মধ্যে ওই অঞ্চলে জাহাজ চলাচলে বাধার কারণে কয়েক ডজন বাণিজ্যিক জাহাজ আটকে পড়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এর আগে গত ৪ মে যুক্তরাষ্ট্র ‘প্রোজেক্ট ফ্রিডম’ চালুর ঘোষণা দিয়েছিল। এর মাধ্যমে আটকে পড়া জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর নিরাপত্তায় প্রণালি পার করতে সহায়তার পরিকল্পনা ছিল।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!