ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। বরং তাঁকে বরখাস্ত করা হলে সেটিই মেনে নেবেন বলে মন্তব্য করেছেন তিনি।
গতকাল বুধবার নিজ দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা বলেন, “আমি পদত্যাগ করব না। আমাকে বরখাস্ত করা হোক। আমি চাই এ দিনটি কালো দিন হিসেবে চিহ্নিত হোক।”
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করলেও ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, নির্বাচনে কারচুপি হয়েছে। এ কারণে তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন।
ভারতের প্রচলিত রীতিতে নির্বাচনের পর বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন এবং সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে। কিন্তু মমতা পদত্যাগ না করায় সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে এখন আলোচনা চলছে, তাঁকে বরখাস্ত করা হবে নাকি রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে।
বৈঠকে মমতা আরও বলেন, গত ২৯ এপ্রিল থেকে রাজ্যে যে সহিংসতার ঘটনা ঘটেছে, সেগুলোর বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হবে তাঁর দল।
এদিকে নির্বাচন–পরবর্তী সহিংসতার জন্য একে অপরকে দোষারোপ করছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। তৃণমূলের অভিযোগ, বিজেপির সমর্থকেরা বিভিন্ন এলাকায় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। কয়েকটি এলাকায় দলীয় কার্যালয় ও বাড়িঘরে হামলার ঘটনাও ঘটেছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গ বিজেপি এক বিবৃতিতে দাবি করেছে, তাদের কর্মীরা কোনো সহিংসতায় জড়িত নয়। বরং তৃণমূলের কর্মীরা বিজেপির ছদ্মবেশ ধারণ করে এসব ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিজেপি বলেছে, আইন নিজের হাতে তুলে নেওয়া বা ছদ্মবেশে বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!