আন্তর্জাতিক

চুক্তি হলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নেওয়া হবে: ট্রাম্প

আপডেট: মে ০৭, ২০২৬ : ০৫:১৩ এএম
চুক্তি হলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নেওয়া হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হলে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, “চুক্তি হলে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে যাবে। আর তারা তাদের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো ব্যবহার না করার ব্যাপারে রাজি হবে।”

তিনি আরও বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হওয়ার “ভালো সম্ভাবনা” রয়েছে। তবে চুক্তি না হলে পুরোনো নীতি অনুযায়ী কঠোর পদক্ষেপে ফিরতে পারে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনার জন্য পৃথকভাবে দূত পাঠানোর পরিকল্পনা আপাতত বাতিল করা হয়েছে। তিনি বলেন, “আমি মনে করি আলোচনা এখানেই হতে পারে। সম্ভব হলে চূড়ান্ত বৈঠকের সময় কোনো জায়গায় চুক্তি স্বাক্ষর করা হবে।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও সতর্ক করে বলেন, চুক্তি না হলে পরিস্থিতি সংঘাতের দিকে যেতে পারে। গত কয়েকদিন ধরে ট্রাম্প ইরানকে উদ্দেশ করে বলে আসছেন, নির্ধারিত শর্তে চুক্তি না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনা ঘটেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই ঘটনায় দেশটির শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের কথাও উঠে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!