আন্তর্জাতিক

ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ হচ্ছেন এন এস রাজা সুব্রামানি

আপডেট: মে ০৯, ২০২৬ : ০৬:১৩ এএম
ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ হচ্ছেন এন এস রাজা সুব্রামানি

ভারতের প্রতিরক্ষা বাহিনীর নতুন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। তিনি ভারতীয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বিত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ আগামী ৩০ মে শেষ হচ্ছে। তার দায়িত্ব শেষ হওয়ার পরই নতুন সিডিএস হিসেবে এন এস রাজা সুব্রামানির নিয়োগ কার্যকর হবে।

বর্তমানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত উপ-সেনাপ্রধান এবং তারও আগে সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) হিসেবে দায়িত্বে ছিলেন।

১৯৮৫ সালের ডিসেম্বরে গারওয়াল রাইফেলস রেজিমেন্টের মাধ্যমে কমিশনপ্রাপ্ত হয়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এন এস রাজা সুব্রামানি। চার দশকের বেশি সময়ের সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং একাধিক সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করেছেন।

তিনি ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ) থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাজ্যের বার্কশায়ারের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজেও পড়াশোনা করেছেন তিনি।

সামরিক জীবনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি চারটি পদক পেয়েছেন—বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক।

এদিকে একই দিনে ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথনকে নিয়োগ দেওয়া হয়েছে, যার নিয়োগ ৩১ মে থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!