ইরানের ইউরেনিয়াম কর্মসূচিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ না হওয়া পর্যন্ত যুদ্ধের সমাপ্তি হবে না।
মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “আমরা ইতোমধ্যে অনেক কিছু অর্জন করেছি। এখন যুদ্ধবিরতি চলছে, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। যতদিন ইরানের ইউরেনিয়াম অপসারণ না হবে, ততদিন যুদ্ধ চলবে।”
তিনি আরও বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অবশ্যই সরিয়ে ফেলতে হবে। তবে এ বিষয়ে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না—সে প্রশ্নের সরাসরি জবাব দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য, সামরিক পরিকল্পনা বা সম্ভাব্য কৌশল নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চান না তিনি।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)–এর তথ্য অনুযায়ী, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুত রয়েছে। বিশুদ্ধতার মাত্রা ৯০ শতাংশে উন্নীত করা গেলে তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব বলে মনে করা হয়।
গত বছর জুনে আইএইএ এ তথ্য প্রকাশ করার পরই ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়। ওই সময় ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে অভিযানে স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়ামের মজুতের সন্ধান পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে জেনেভা–য় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান–এর মধ্যে কয়েক দফা আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। পরে আবার সামরিক উত্তেজনা শুরু হয় এবং দীর্ঘ সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হয়।
নেতানিয়াহু বলেন, “ইরান এখনও গোপন স্থাপনাগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। তাদের সক্ষমতা কমেছে, কিন্তু শেষ হয়ে যায়নি।”
ইরানের ইউরেনিয়াম অপসারণ কীভাবে সম্ভব—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “চুক্তি হলে তা সরিয়ে নেওয়া যেতে পারে, যেমনটি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন। তবে সামরিক পরিকল্পনা নিয়ে আমি কিছু বলব না।”
যুদ্ধ কবে শেষ হতে পারে—এমন প্রশ্নে নেতানিয়াহু বলেন, তাঁর কাছে কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। তবে যুদ্ধের সমাপ্তিতে ইউরেনিয়াম ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!