সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১১ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।
রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, গত ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত চলা সমন্বিত অভিযানে মোট ১১ হাজার ১৭৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৬ হাজার ১৫৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬১৯ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৪০৩ জন রয়েছেন। এছাড়া অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৪১১ জনকে আটক করা হয়েছে।
এ ছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ৩৬ শতাংশ ইয়েমেনি, ৬২ শতাংশ ইথিওপিয়ান এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
একই সময়ে বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে ১১ হাজার ২৭২ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অন্যদের ভ্রমণ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।
এছাড়া অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানে সহায়তার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসাধারণকে অবৈধ অভিবাসন সংক্রান্ত তথ্য জানাতে নির্দিষ্ট জরুরি নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
সূত্র: গালফ নিউজ
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!