কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ‘উন্মুক্ত, নিরাপদ ও অবাধ’ রাখা ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বৈশ্বিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে সমুদ্রপথে চলাচল নিশ্চিতে আন্তর্জাতিক আইন মেনে চলা জরুরি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইরান-সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় উদ্বেগ তৈরি হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার (১৫ মে) সংযুক্ত আরব আমিরাত সফরের সময় তিনি এ মন্তব্য করেন।
আবুধাবিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় এক বক্তব্যে মোদি বলেন, আন্তর্জাতিক সমুদ্রপথ বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা ও অবাধ চলাচল নিশ্চিত করা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমান পরিস্থিতিতে এই প্রণালির মাধ্যমে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভারতের অভ্যন্তরীণ বাজারেও এর প্রভাব পড়েছে।
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেল আমদানিকারক দেশ। দেশটির মোট তেল আমদানির একটি বড় অংশই হরমুজ প্রণালি দিয়ে আসে। ফলে এই রুটে বিঘ্ন ঘটলে সরাসরি অর্থনৈতিক চাপ তৈরি হয় বলে বিশ্লেষকদের মত।
আবুধাবিতে অবস্থানকালে প্রধানমন্ত্রী মোদি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতকে ভারতের ‘দ্বিতীয় ঘর’ হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদির চলমান পাঁচ দেশীয় সফরের অন্যতম লক্ষ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করা।
মন্ত্রণালয় আরও জানায়, চলতি বছরের জানুয়ারিতে স্বাক্ষরিত ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পর এই সফর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতাকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!