যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ও যোগাযোগ অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে ইরান। একই সঙ্গে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে চীনের যেকোনো মধ্যস্থতা বা কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে তেহরান।
শুক্রবার ভারতের নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ কথা জানান। তিনি বলেন, “আমরা আবারও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বার্তা পেয়েছি যে তারা আলোচনা এবং পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখতে চায়।”
আরাকচি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংকট সমাধানে যেকোনো দেশের ভূমিকা ইতিবাচকভাবে দেখা হবে, বিশেষ করে চীনের মতো গুরুত্বপূর্ণ অংশীদারের ক্ষেত্রে।
তিনি বলেন, চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ ও কৌশলগত সম্পর্ক রয়েছে। তাই বেইজিং যদি কূটনৈতিক প্রক্রিয়ায় সহায়তা করে, তা তেহরান স্বাগত জানাবে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সহায়তার প্রস্তাব দিয়েছেন এবং ইরান-সংক্রান্ত চলমান উত্তেজনায় সামরিক সম্পৃক্ততা থেকে বিরত থাকার আশ্বাস দিয়েছেন।
চীন অবশ্য জানিয়েছে, এই সংঘাত শুরুর পর থেকেই তারা কূটনৈতিকভাবে উত্তেজনা কমানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বেইজিংয়ের মতে, সংঘাত দীর্ঘায়িত হওয়া কারও স্বার্থেই নয় এবং দ্রুত সমাধান আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য জরুরি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
তিনি বলেন, মধ্যস্থতার প্রক্রিয়া পুরোপুরি ব্যর্থ হয়নি, তবে দুই পক্ষের মধ্যে আস্থাহীনতা এবং বিদ্যমান পরিস্থিতির কারণে আলোচনা কঠিন হয়ে পড়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!