ভারতের রাজস্থানে দিল্লিগামী একটি রাজধানী এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে সময়মতো যাত্রীদের সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজস্থানের কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে চলন্ত ট্রেনটিতে আগুন লাগে।
রেলওয়ের এক কর্মকর্তা জানান, ট্রেনটির বি-১ নম্বর বগিতে আগুন ধরে যায়। ওই বগিতে তখন ৬৮ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পর দ্রুত বগিটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সেটিকে ট্রেনের অন্য অংশ থেকে আলাদা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুন লাগা বগি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আশপাশের কয়েকটি গাছেও আগুন ছড়িয়ে পড়ে।
রেল কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের দ্রুত বগি থেকে নামিয়ে ট্রেনের অন্য বগিগুলোতে স্থানান্তর করা হয়। তাঁদের কোটা পর্যন্ত ওইভাবেই নেওয়া হবে। পরে সেখানে বিকল্প ব্যবস্থা করা হবে এবং ট্রেনটিতে নতুন একটি বগি সংযুক্ত করা হবে।
১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেসটি গত শুক্রবার কেরালার থিরুভানানথাপুরাম থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে। আজ দুপুর সাড়ে ১২টায় ট্রেনটির দিল্লির নিজামুদ্দিন রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিল।
রেল সূত্র জানিয়েছে, আগুন লাগার আগে ট্রেনটি প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল। অগ্নিকাণ্ডের সময় ট্রেনটি দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!