ভারতে মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোলের দাম লিটারপ্রতি ৮৭ পয়সা এবং ডিজেলের দাম ৯১ পয়সা বেড়েছে। এর আগে গত ১৫ মে দেশটিতে প্রতি লিটার জ্বালানির দাম ৩ টাকা বৃদ্ধি করা হয়েছিল।
আজ মঙ্গলবার থেকে কার্যকর হওয়া নতুন দামে ভারতের রাজধানী নয়াদিল্লি-তে পেট্রোলের দাম লিটারপ্রতি ৯৭.৭৭ টাকা থেকে বেড়ে ৯৮.৬৪ টাকা হয়েছে। একই সঙ্গে ডিজেলের দাম ৯০.৬৭ টাকা থেকে বেড়ে ৯১.৫৮ টাকা হয়েছে।
অন্যদিকে কলকাতা-তে পেট্রোলের দাম ৯৬ পয়সা বেড়ে লিটারপ্রতি ১০৯.৭০ টাকা এবং ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়ে ৯৬.০৭ টাকা হয়েছে।
এছাড়া মুম্বাই-তে পেট্রোলের দাম ৯১ পয়সা বেড়ে ১০৭.৫৯ টাকা এবং ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়ে ৯৪.০৮ টাকা হয়েছে। আর চেন্নাই-তে পেট্রোলের দাম ৮২ পয়সা বেড়ে ১০৪.৪৯ টাকা এবং ডিজেলের দাম ৮৬ পয়সা বেড়ে ৯৬.১১ টাকা হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতা এবং আন্তর্জাতিক উত্তেজনার প্রভাবেই জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এর আগে গত শুক্রবারও দেশটিতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম ৩ টাকা বাড়ানো হয়েছিল।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় স্থানীয় বাজারে এই চাপ তৈরি হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) বাজারেও পড়েছে বলে জানানো হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!