আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান

আপডেট: মে ১৯, ২০২৬ : ০৫:৪৬ এএম
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ।

ইরানি আলোচকদের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে সংস্থাটি জানায়, প্রস্তাবটির মূল উদ্দেশ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং ওয়াশিংটনের প্রতি আস্থা তৈরি করা।

এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে তেহরান সফরে রয়েছেন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শুরু হওয়া তার এই সফর তৃতীয় দিনে গড়িয়েছে। এর মধ্যেই ইরানের নতুন প্রস্তাব পাঠানোর খবর সামনে এলো।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যে এই কূটনৈতিক তৎপরতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এ বিষয়ে তেহরান বা ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে পৃথক এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সংঘাত চলাকালে পাকিস্তান সৌদি আরবে প্রায় ৮ হাজার সেনা, এক ডজনের বেশি যুদ্ধবিমান এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছিল।

নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়, সম্ভাব্য হামলা মোকাবিলায় সৌদি আরবকে সহায়তা করতে এই সেনা মোতায়েন করা হয়েছিল।

এর আগে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, দুই দেশের যেকোনো একটি দেশ আক্রান্ত হলে অপর দেশ সহায়তায় এগিয়ে আসবে। তবে চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: তাসনিম নিউজ, রয়টার্স

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!