আন্তর্জাতিক

যুদ্ধে অংশ নিতে প্রস্তুত তরুণদের জন্য ইরানে গণবিবাহ

আপডেট: মে ২০, ২০২৬ : ০৫:৪৮ এএম
যুদ্ধে অংশ নিতে প্রস্তুত তরুণদের জন্য ইরানে গণবিবাহ

চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যে যুদ্ধের জন্য ‘প্রস্তুত’ তরুণ-তরুণীদের উৎসাহিত করতে ইরানে গণবিবাহের আয়োজন করা হয়েছে। রাজধানী তেহরানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শতাধিক দম্পতি একসঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সোমবার সন্ধ্যায় তেহরানের ইমাম হোসেন স্কয়্যারে এই গণবিবাহের আয়োজন করা হয়। রাষ্ট্রীয় উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ১১০টি ইরানি জুটি অংশ নেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে অংশ নেওয়া সব জুটিই সরকারের ‘জানফাদা’ নামের একটি কর্মসূচিতে নিবন্ধিত ছিলেন। এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের যুদ্ধ পরিস্থিতিতে ‘সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত’ হিসেবে বিবেচনা করা হয়।

অনুষ্ঠানে নবদম্পতিরা সামরিক বাহিনীর জিপে করে অনুষ্ঠানস্থলে আসেন। এসব জিপে প্রতীকীভাবে অস্ত্রও প্রদর্শিত হয়। মঞ্চটি ফুল, বেলুন ও রঙিন সাজসজ্জায় সজ্জিত ছিল। সেখানে উপস্থিত ছিলেন ইরানের শীর্ষ রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিনিধিদের পাঠানো অভিনন্দন বার্তাও।

অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

এক নববধূ স্থানীয় গণমাধ্যমকে বলেন, “দেশে যুদ্ধ পরিস্থিতি থাকলেও আমাদের বিয়ে করার অধিকার রয়েছে।”

অন্য এক নবদম্পতি জানান, ইসলামিক ইতিহাসে একটি বিশেষ দিনের সঙ্গে মিল রেখে এই তারিখে বিয়ের আয়োজন করা হয়েছে। তাদের দাবি, ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত এই দিনটি বিশেষ তাৎপর্য বহন করে।

তবে সমালোচকরা বলছেন, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এ ধরনের আয়োজন রাজনৈতিক ও প্রতীকী বার্তা বহন করছে।
সূত্র: এএফপি, এনডিটিভি অনলাইন

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!