মার্কিন ও নাইজেরীয় বাহিনীর যৌথ বিমান ও স্থল অভিযানে নাইজেরিয়ায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ১৭৫ জন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনী।
নাইজেরীয় প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা মঙ্গলবার (১৯ মে) এক বিবৃতিতে বলেন, “গত ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত তিন দিনে মার্কিন-নাইজেরীয় যৌথ বাহিনীর অভিযানে ১৭৫ জন আইএস জঙ্গি নিহত হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের সময় আইএসের একাধিক চেকপয়েন্ট, অস্ত্রাগার ও লজিস্টিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে। নাইজেরিয়ায় দীর্ঘদিন ধরে সক্রিয় আইএস-সম্পর্কিত সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)। ২০১৮-১৯ সালের দিকে মধ্যপ্রাচ্যে পরাজয়ের পর আফ্রিকায় তাদের কার্যক্রম বিস্তৃত করে গোষ্ঠীটি।
আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (ACLED)-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে আইএসের বৈশ্বিক কার্যক্রমের বড় অংশই আফ্রিকায় সংঘটিত হয়েছে।
নাইজেরিয়ায় আইএস ছাড়াও আল-কায়দা ও বোকো হারাম সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। এসব গোষ্ঠী হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায় ও লুটপাটসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িত বলে উল্লেখ করা হয়।
সূত্র জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতায় নাইজেরিয়ায় প্রায় ১০০ মার্কিন সামরিক উপদেষ্টা মোতায়েন করা হয়েছে, যারা মূলত প্রশিক্ষণ ও সমন্বয়মূলক কাজে যুক্ত।
গত ১৬ মে অভিযানে আইএসের শীর্ষ নেতা আবু বিলাল আল-মিনুকি নিহত হন বলে দাবি করা হয়েছে। পরবর্তী কয়েক দিনের অভিযানে আরও কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলেও জানায় নাইজেরীয় সেনাবাহিনী।
নাইজেরীয় সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!