ভারতে আবারও বাড়ানো হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। গত ১০ দিনের মধ্যে এটি তৃতীয় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৮৭ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৯১ পয়সা। এতে আজ শনিবার থেকে দিল্লিতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৯ দশমিক ৫১ রুপিতে এবং ডিজেল ৯২ দশমিক ৪৯ রুপিতে।
একইভাবে পশ্চিমবঙ্গেও জ্বালানি তেলের দাম বেড়েছে। সেখানে পেট্রোলের দাম ৯৪ পয়সা এবং ডিজেলের দাম ৯৫ পয়সা বেড়ে কলকাতা ও আশপাশের এলাকায় প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১১০ দশমিক ৬৪ রুপিতে এবং ডিজেল ৯৭ দশমিক ০২ রুপিতে।
মুম্বাইয়েও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। সেখানে পেট্রোলের দাম ৯০ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়ে যথাক্রমে ১০৮ দশমিক ৪৯ রুপি ও ৯৫ দশমিক ০২ রুপিতে পৌঁছেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মে এক দফায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩ রুপি বাড়ানো হয়। এরপর ১৯ মে আবারও প্রায় ৯০ পয়সা করে মূল্যবৃদ্ধি ঘটে। সর্বশেষ এই দফায় দাম বাড়ার ফলে গত ১০ দিনে মোট প্রায় ৫ রুপি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে পেট্রোলের দাম।
এদিকে দিল্লি ও আশপাশের এলাকায় কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি)-এর দামও লিটারপ্রতি ১ রুপি করে বেড়েছে। ফলে রাজধানী ও সংলগ্ন অঞ্চলে সিএনজি বিক্রি হচ্ছে ৮১ দশমিক ৯ রুপিতে, যা তৃতীয়বারের মতো মূল্যবৃদ্ধি।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এই মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে। ভারতে জ্বালানি আমদানিনির্ভরতা বেশি হওয়ায় বৈশ্বিক বাজারের ওঠানামার প্রভাব সরাসরি দেশটির বাজারে পড়ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!