কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হতে পারে—এমন আশঙ্কায় এআই–সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এআই কোম্পানিগুলোর জন্য নতুন নির্দেশনামূলক কাঠামো তৈরির উদ্দেশ্যে ওই নির্বাহী আদেশে সই করার কথা ছিল। এ উপলক্ষে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের উপস্থিতিতে অনুষ্ঠানও আয়োজন করা হয়। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন ট্রাম্প।
হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলেন, আদেশটির কিছু অংশ তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তিনি বলেন, “আমরা চীনের চেয়েও এগিয়ে আছি। এমন কিছু করতে চাই না, যা এই অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াবে।”
প্রস্তাবিত নীতিমালায় এআই কোম্পানিগুলোর জন্য একটি স্বেচ্ছাভিত্তিক কাঠামো তৈরির পরিকল্পনা ছিল বলে জানা গেছে। এর আওতায় উন্নত এআই মডেল জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগে প্রতিষ্ঠানগুলোকে মার্কিন সরকারের সঙ্গে সমন্বয় করার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।
এছাড়া সাইবার নিরাপত্তা জোরদার এবং ব্যাংক ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় উন্নত এআই প্রযুক্তি ব্যবহারের নির্দেশনাও থাকতে পারত। তবে ঠিক কোন অংশে আপত্তি ছিল, তা স্পষ্ট করেননি ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের বিশ্লেষকদের একাংশের আশঙ্কা, অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ হলে নতুন এআই মডেল বাজারে আনা বিলম্বিত হতে পারে এবং উদ্ভাবনের গতি কমে যেতে পারে।
এদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, কয়েকজন শীর্ষ প্রযুক্তি ব্যক্তিত্ব প্রশাসনের ওপর প্রভাব ফেলতে পারেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে ভিন্ন বক্তব্যও এসেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র প্রশাসন এআই নীতিতে তুলনামূলকভাবে নমনীয় অবস্থান নিচ্ছে এবং উদ্ভাবন ও বৈশ্বিক প্রতিযোগিতাকে বেশি গুরুত্ব দিচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!