আন্তর্জাতিক

লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প, উত্তপ্ত ফোনালাপের দাবি

আপডেট: জুন ০২, ২০২৬ : ০৫:৪৪ এএম
লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প, উত্তপ্ত ফোনালাপের দাবি

লেবাননে সামরিক অভিযান নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি উত্তপ্ত ফোনালাপ হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির পরও লেবাননে হামলার মাত্রা বাড়ানোয় নেতানিয়াহুর প্রতি অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প।

অ্যাক্সিওস মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায়, সোমবার দুই নেতার মধ্যে হওয়া ফোনালাপে ট্রাম্প সরাসরি নেতানিয়াহুর সিদ্ধান্তের সমালোচনা করেন এবং লেবাননের রাজধানী বৈরুতে পরিকল্পিত একটি হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান।

প্রতিবেদন অনুযায়ী, ইরান লেবাননে হামলা অব্যাহত থাকলে চলমান আলোচনা থেকে সরে যাওয়ার হুমকি দেওয়ার পর ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করেন। ফোনালাপে তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হামলা অব্যাহত থাকলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিচ্ছিন্নতা আরও বাড়তে পারে।

অ্যাক্সিওসের বরাতে আরও বলা হয়, ট্রাম্প কথোপকথনের একপর্যায়ে নেতানিয়াহুকে তীব্র ভাষায় সমালোচনা করেন এবং তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গেও মন্তব্য করেন। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ফোনালাপের পর ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন, হিজবুল্লাহ আর ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাবে না এবং ইসরায়েলও বৈরুতে নতুন কোনো হামলা করবে না।

তবে পরে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, ইসরায়েল তার নিরাপত্তা স্বার্থে প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে।

উল্লেখ্য, দুর্নীতির একাধিক মামলায় বর্তমানে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন নেতানিয়াহু। অতীতে ট্রাম্প প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে চলমান মামলাগুলো প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন।

অ্যাক্সিওসের প্রতিবেদনে দাবি করা হলেও ফোনালাপে উভয় নেতার কথোপকথনের বর্ণিত মন্তব্যগুলোর বিষয়ে এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো সরকারি নথি বা আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশিত হয়নি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!