ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যেন পাল্টা আঘাত না করে—এ জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে ট্রাম্প বলেন, “আমি এখনই বিবি (নেতানিয়াহুর ডাকনাম)কে ফোন করে বলব, ইরানে যেন পাল্টা হামলা না চালানো হয়। তারা উভয়েই মজা নিয়েছে—ইসরায়েল নিজেদের মতো হামলা চালিয়েছে এবং ইরানও জবাব দিয়েছে। আমাদের আর হামলার প্রয়োজন নেই।”
তিনি আরও বলেন, “ইরানের হামলায় কেউ আঘাত পায়নি। আশা করছি ইসরায়েল প্রতিশোধ নেবে না। তবে যদি বিবি পাল্টা হামলা চালান, তাহলে এটি গত ৪৭ বছর বা এমনকি গত ৩ হাজার বছরের মতোই চলতে থাকবে।”
এর আগে রোববার মধ্যরাতে উত্তর ইসরায়েলে অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে শনিবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় ৪ শিশুসহ অন্তত ২০ জন আহত হন বলে জানা গেছে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে আইআরজিসি–এর উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেন, এটি ছিল আগ্রাসনের জবাব।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি কেবল সতর্কবার্তা; ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। অন্যদিকে ইরানের হামলার পর ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির এক্সে লিখেছেন, “তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে।”
সূত্র: আলজাজিরা, সিএনএন
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!