আন্তর্জাতিক

ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন

আপডেট: জুন ১৩, ২০২৬ : ০৫:২৮ এএম
ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন

ইউক্রেনের সাম্প্রতিক হামলায় রাশিয়ার অর্থনীতি ও সামাজিক কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি রাশিয়ার বিভিন্ন অবকাঠামো—বিশেষ করে তেল শোধনাগার, জ্বালানি ডিপো ও পাইপলাইনে—ইউক্রেনের হামলা জোরদার হয়েছে। এর মধ্যে নিজনেকাস্কের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারও রয়েছে, যেখানে হামলার পরিপ্রেক্ষিতে পুতিন এ মন্তব্য করেন।

তবে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব হামলা রাশিয়ার সমাজে বিভাজন সৃষ্টি করতে পারবে না এবং অর্থনীতি দ্রুতই এই চাপ কাটিয়ে উঠবে।

আল জাজিরার তথ্য অনুযায়ী, দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রেক্ষাপটে এবং ফ্রন্টলাইনে কিছুটা ধীরগতির মধ্যে ইউক্রেনের এসব হামলা মস্কোর ওপর বাড়তি চাপ তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, হামলাগুলো রাশিয়ার জ্বালানি উৎপাদন ও পরিবহন ব্যবস্থাকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

পুতিন বলেন, এসব হামলা ইউক্রেনের সামরিক অভিযানের গতিপথ পরিবর্তন করতে পারবে না। তিনি দাবি করেন, “তারা আমাদের অর্থনীতির ক্ষতি করছে, তবে আমরা দ্রুতই তা কাটিয়ে উঠব।”

অন্যদিকে ইউক্রেন বলছে, রাশিয়া প্রতিদিন শহর ও জনপদে হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, আর এসব হামলা তার জবাব হিসেবে পরিচালিত হচ্ছে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বলছে, ইউক্রেনের দূরপাল্লা ও মধ্যপাল্লার সমন্বিত হামলা রাশিয়ার জ্বালানি উৎপাদন ও পরিবহন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।

এর আগে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ ক্রিমিয়ায় জ্বালানি সংকটের বিষয়টি স্বীকার করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!