যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নিরসনে একটি নতুন শান্তি চুক্তির চূড়ান্ত খসড়ায় দুই দেশই ঐকমত্যে পৌঁছেছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, নিবিড় মধ্যস্থতার মাধ্যমে দুই পক্ষই প্রস্তাবিত চুক্তির খসড়ায় সম্মতি দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ বলেন, যারা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, তারা অপতথ্য ছড়াচ্ছে। তার ভাষায়, “শান্তিচুক্তির একটি চূড়ান্ত খসড়ায় আমরা পৌঁছাতে পেরেছি এবং যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই তাতে সম্মতি দিয়েছে।”
তিনি আরও জানান, চূড়ান্ত পদক্ষেপগুলো নিয়ে দুই দেশের সঙ্গে পাকিস্তান ঘনিষ্ঠভাবে কাজ করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচিও বিষয়টি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, চূড়ান্ত সমঝোতা এখনো আনুষ্ঠানিক না হলেও গণমাধ্যমকে বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনা থেকে বিরত থাকতে হবে।
প্রস্তাবিত খসড়ার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে রয়টার্স ও আঞ্চলিক সূত্রের বরাতে জানা গেছে, এতে ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত অর্থ ছাড় এবং হরমুজ প্রণালী সংক্রান্ত কিছু শর্ত অন্তর্ভুক্ত থাকতে পারে।
সূত্র অনুযায়ী, ইরান যদি হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেয় এবং মাইন অপসারণ করে, তাহলে যুক্তরাষ্ট্র জব্দকৃত অর্থ থেকে কয়েক বিলিয়ন ডলার ছাড় দিতে পারে। পাশাপাশি তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহারের কথাও থাকতে পারে।
এছাড়া চুক্তির পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ৬০ দিনের নতুন আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। কিছু শর্ত পূরণ সাপেক্ষে যুদ্ধকালীন ক্ষতিপূরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও আলোচনায় রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বলা হয়েছে, চুক্তির মূল ভিত্তি হবে পারফরম্যান্সভিত্তিক। অর্থাৎ নির্ধারিত শর্ত পূরণ না হলে কোনো অর্থ ছাড় বা নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকর হবে না।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এক্সে দেওয়া এক বার্তায় বলেছেন, শুধুমাত্র চুক্তিতে স্বাক্ষর করলেই নগদ অর্থ বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা থাকবে— এমনটি নয়।
অন্যদিকে ইরানের পক্ষ থেকে ইসরায়েল ও লেবানন পরিস্থিতি নিয়ে কিছু দাবি থাকলেও প্রস্তাবিত খসড়ায় এ বিষয়ে কোনো উল্লেখ নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!