যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় বাজারে এ মূল্যহ্রাস দেখা দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এশিয়ার বাজারে সকালে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে যায়। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ২৪ ঘণ্টা আগের অবস্থানে ফিরে আসে।
স্থানীয় সময় সাড়ে ৪টা পর্যন্ত আগস্টে সরবরাহের জন্য ব্রেন্ট ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ০৭ ডলারে নেমে আসে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ওঠানামার পর বাজার কিছুটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে।
এর আগে সামরিক উত্তেজনা ও রাজনৈতিক বক্তব্যের কারণে টানা কয়েকদিন দরপতন ও দরবৃদ্ধির অস্থিরতা দেখা যায়। তবে নতুন চুক্তির পর বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরেছে বলে ধারণা করা হচ্ছে।
চুক্তির প্রভাব শেয়ারবাজারেও দেখা গেছে। জাপানের নিকেই ২২৫ সূচক এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক যথাক্রমে ২ শতাংশ ও ১ দশমিক ৭ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে তাইওয়ানের তায়েক্স সূচকও ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক কম্পোজিট ফিউচার যথাক্রমে প্রায় ০ দশমিক ৮ শতাংশ এবং ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা কমলে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরে আসতে পারে।
No comments yet. Be the first to comment!