আন্তর্জাতিক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫

আপডেট: জুন ২০, ২০২৬ : ০৬:৩৩ এএম
যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটিতে আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

শনিবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ-র বরাতে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতভর এবং শনিবার সকাল পর্যন্ত দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন হামলা চালানো হয়। এতে একাধিক আবাসিক ভবন ও ঘরবাড়ি ধ্বংস হয়েছে। একই সঙ্গে ভোরের দিকে ওই এলাকায় ব্যাপক গোলাবর্ষণের ঘটনাও ঘটে।

এর আগে শুক্রবার এক মার্কিন কর্মকর্তার বরাতে জানায় রয়টার্স, ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল।

তবে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে হামলার ঘটনা ঘটল। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘদিনের সংঘাত নতুন করে চরমে ওঠে ২০২৪ সালে। এরপর ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও তা মাঝেমধ্যেই লঙ্ঘনের অভিযোগ ওঠে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ইসরায়েলি অভিযানে হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী, শিশু ও স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!