মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার সরাসরি আলোচনা অনিশ্চয়তায় পড়েছে। ফলে নির্ধারিত বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হোয়াইট হাউস জানিয়েছে, ভ্যান্স আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে যাচ্ছেন না। তবে এ সিদ্ধান্তকে ‘অপ্রত্যাশিত’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তির পরবর্তী ধাপ নিয়ে সুইজারল্যান্ডে নতুন দফার আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু ভ্যান্সের সফর বাতিলের পর সেই পরিকল্পনা স্থগিত হয়ে যায়।
সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বুর্গেনস্টক মাউন্টেন রিসোর্টে নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। তবে তারা জানিয়েছে, আলোচনার প্রস্তুতি এখনো চলছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, আলোচনার মূল উদ্দেশ্য ছিল সাম্প্রতিক সমঝোতা বাস্তবায়ন এবং ইরানের পারমাণবিক কর্মসূচিসহ দীর্ঘমেয়াদি ইস্যুগুলো নিয়ে কাঠামোগত আলোচনা শুরু করা।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ-অবরোধ শিথিল করার ঘোষণা দিয়েছিল এবং একটি আংশিক চুক্তিতে লেবাননে যুদ্ধবিরতির বিষয়ও অন্তর্ভুক্ত ছিল বলে দাবি করা হয়।
তবে যুদ্ধবিরতি কার্যকরের পরও লেবাননে ইসরায়েলি হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, ভিন্নমত থাকা সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তিতে সম্মতি দিয়েছেন। তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনাও করেন।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি এবং কূটনৈতিক আলোচনার নতুন তারিখ দ্রুত নির্ধারণের চেষ্টা চলছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!