আন্তর্জাতিক

ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য শিথিল করছে যুক্তরাষ্ট্র

আপডেট: জুন ২২, ২০২৬ : ০৫:৩১ এএম
ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য শিথিল করছে যুক্তরাষ্ট্র

ইরানি তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত দুই দেশের প্রতিনিধিদের আলোচনায় এ বিষয়ে একটি খসড়া সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

ইরানি প্রতিনিধি দলের সদস্য হোসেইন ঘোরবানজাদেহ জানান, “ইরানের তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত নথির খসড়া চূড়ান্ত হয়েছে।”

তিনি আরও বলেন, বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানি অর্থ অবমুক্ত করার বিষয়টিও আলোচনায় উত্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ইসলামাবাদ সমঝোতা চুক্তি’ স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য শিথিল করার কথা বলা হয়েছে। এই সময়ের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি না হলে পুনরায় নিষেধাজ্ঞা কার্যকর হবে।

চুক্তি অনুযায়ী, নির্ধারিত ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর শর্ত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স বলেছেন, স্থায়ী চুক্তি স্বাক্ষর না হলে ইরানের জব্দকৃত অর্থ অবমুক্তের কোনো সুযোগ থাকবে না।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী চুক্তি না হলে পরিস্থিতি আবারও কঠোর অবস্থানে ফিরে যেতে পারে।

সূত্র : আনাদোলু এজেন্সি

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!