ভারতের সঙ্গে সরাসরি সামরিক সংঘাত বা যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতের পক্ষ থেকে সিন্ধু নদ জলচুক্তি স্থগিত করার পর তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।
শনিবার (২০ জুন) পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “যে মুহূর্তে আমরা অনুভব করব আমাদের জাতীয় নিরাপত্তা, বিশেষ করে পানি, হুমকির মুখে পড়েছে, তখন ভারতের বিরুদ্ধে যুদ্ধে যেতে আমরা দ্বিধা করব না।”
তিনি আরও দাবি করেন, পাকিস্তানের পানি প্রবাহ বাধাগ্রস্ত করার মতো কোনো পদক্ষেপ ভারত নিলে এবং তার প্রমাণ পাওয়া গেলে সামরিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হবে।
এ মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন গত এপ্রিলে কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলার পর ভারত ১৯৬০ সালের সিন্ধু নদ জলচুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়। ভারতীয় কর্তৃপক্ষ বলছে, সীমান্তপারের সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলা সিন্ধু অববাহিকার পানি বণ্টন ইস্যু ভারত–পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। চুক্তি অনুযায়ী পাকিস্তান নদী অববাহিকার প্রায় ৮০ শতাংশ পানি ব্যবহারের অধিকার পেলেও অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা ও অবকাঠামোগত দুর্বলতার কারণে দেশটি ইতোমধ্যেই সংকটে রয়েছে।
এদিকে পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!