আন্তর্জাতিক

সৌদিতে বিদেশিদের সম্পত্তির মালিকানায় নতুন সুযোগ

আপডেট: জুন ২৪, ২০২৬ : ০৬:৫৫ এএম
সৌদিতে বিদেশিদের সম্পত্তির মালিকানায় নতুন সুযোগ

বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানের জন্য স্থাবর সম্পত্তির মালিকানা অর্জনের সুযোগ আরও সম্প্রসারিত করেছে সৌদি আরব। এ লক্ষ্যে বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানাসংক্রান্ত নির্বাহী বিধিমালা অনুমোদন করেছে দেশটির সরকার।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সৌদি মন্ত্রিসভা ‘বিদেশি নাগরিকদের স্থাবর সম্পত্তির মালিকানা আইন’-এর আওতায় নতুন বিধিমালার অনুমোদন দেয়। এতে বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলোর সম্পত্তি ক্রয়ের জন্য নির্দিষ্ট ভৌগোলিক এলাকা চিহ্নিত করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া নতুন আইনের ধারাবাহিকতায় প্রণীত এসব বিধিমালার মাধ্যমে বিদেশিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সৌদিতে জমি ও অন্যান্য স্থাবর সম্পত্তির মালিক হতে পারবেন।

নতুন ব্যবস্থার আওতায় বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানগুলো আবাসিক, বাণিজ্যিক, কৃষি এবং শিল্প খাতের সম্পত্তি ক্রয়ের সুযোগ পাবে। একই সঙ্গে সৌদিতে বৈধভাবে ব্যবসা পরিচালনার লাইসেন্সপ্রাপ্ত বিদেশি কোম্পানিগুলো তাদের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সম্পত্তির মালিক হতে পারবে। এর মধ্যে অফিস, কারখানা ও গুদামঘরও অন্তর্ভুক্ত রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ দেশটির অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে বহুমুখীকরণের কৌশলের অংশ। সৌদি ভিশন ২০৩০–এর আওতায় সরকার বিদেশি বিনিয়োগ বাড়ানো, বেসরকারি খাতের অংশগ্রহণ জোরদার করা এবং রিয়েল এস্টেট খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।

সাম্প্রতিক এ সিদ্ধান্তের ফলে সৌদির সম্পত্তি খাতে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: গালফ নিউজ

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!