আন্তর্জাতিক

ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ

আপডেট: জুলা ০১, ২০২৬ : ০৫:০৬ এএম
ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ

ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল ধীরাজ শেঠ। মঙ্গলবার তিনি জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হন।

ভারতের প্রতিরক্ষা বাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহারাষ্ট্রের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ সামরিক ক্যারিয়ারে উত্তর ভারতের মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীন একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু-কাশ্মিরে সন্ত্রাসবিরোধী বাহিনীর নেতৃত্ব দিয়েছেন তিনি। সেনাবাহিনীর অভ্যন্তরে স্পষ্টভাষী কর্মকর্তা হিসেবে পরিচিত ধীরাজ শেঠকে অনেকেই ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ বলেও অভিহিত করেন।

সেনাপ্রধান হওয়ার আগে তিনি উপ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় সেনাবাহিনীর প্রধান স্ট্রাইক ফরমেশন ‘সুদর্শন চক্র কোর’-এর নেতৃত্বও দেন।

এমন এক সময়ে ভারতের সেনাবাহিনীর নেতৃত্বে এলেন ধীরাজ শেঠ, যখন বৈশ্বিক ভূরাজনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং প্রযুক্তিগত অগ্রগতির কারণে যুদ্ধের ধরনেও বড় পরিবর্তন আসছে।

এদিকে ১ জুলাই থেকে ভারতীয় সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়েও বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বিমানবাহিনীর নতুন সহ-প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। সেনাবাহিনীর নতুন সহ-সেনাপ্রধান হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন।

এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ডের কমান্ডার-ইন-চিফ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা, দক্ষিণ কমান্ডের প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর এবং লেহভিত্তিক ‘ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস’-এর কমান্ডার হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে দায়িত্ব গ্রহণ করেছেন।

সূত্র: দ্য হিন্দু

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!