আন্তর্জাতিক

২০ বছর পর দক্ষিণ কোরিয়ায় নারী প্রধানমন্ত্রী, দায়িত্বে হান সেওং-সুক

আপডেট: জুলা ০১, ২০২৬ : ০৫:২০ এএম
২০ বছর পর দক্ষিণ কোরিয়ায় নারী প্রধানমন্ত্রী, দায়িত্বে হান সেওং-সুক

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন হান সেওং-সুক। মঙ্গলবার দেশটির জাতীয় সংসদ তার নিয়োগ অনুমোদন দেয়। প্রায় দুই দশক পর দেশটিতে একজন নারী প্রধানমন্ত্রী দায়িত্ব নিতে যাচ্ছেন।

হান সেওং-সুক এর আগে প্রেসিডেন্ট লি জে-মায়ংয়ের মন্ত্রিসভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারে যোগ দেওয়ার আগে তিনি দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান নাভেরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন। প্রযুক্তি ও ব্যবসা খাতে দীর্ঘ অভিজ্ঞতার কারণে তিনি দেশটির করপোরেট অঙ্গনে পরিচিত মুখ হিসেবে বিবেচিত।

বিশ্লেষকদের মতে, হান সেওং-সুকের নিয়োগ দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও উদ্ভাবনকেন্দ্রিক উন্নয়ন কৌশলকে আরও এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে বেসরকারি খাতের অভিজ্ঞতাকে রাষ্ট্র পরিচালনায় কাজে লাগানোর উদ্যোগ হিসেবেও এ সিদ্ধান্তকে দেখা হচ্ছে।

হান সেওং-সুক শিগগিরই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর নেতৃত্বে অর্থনীতি, প্রযুক্তি ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে সরকারের নীতিনির্ধারণে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!